আজ || বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) :

প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন কার্যক্রমে গণমাধ্যমের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে নারী, শিশু ও যুব প্রতিবন্ধীদের চাহিদা, অধিকার ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম জনসচেতনতা সৃষ্টি, তথ্য প্রচার এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার (১৮জুন) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার শ্যামনগর অফিসার্স ক্লাবে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং কমনওয়েলথ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল। এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাব, সাংবাদিক আনিস সুমন প্রমুখ।

অনুষ্ঠানে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তার উপস্থাপনায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং এসব পরিস্থিতিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মুখীন হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে গণমাধ্যমের কার্যকর ভূমিকার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও শ্যামনগরের বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং সুপারিশ তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, দুর্যোগকালীন প্রস্তুতি, আগাম সতর্কবার্তা প্রচার, উদ্ধার কার্যক্রম এবং পুনর্বাসন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন ও সক্ষমতাকে বিশেষভাবে বিবেচনায় নিতে হবে।

বক্তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলসহ দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিরা প্রায়ই তথ্যপ্রাপ্তি, নিরাপদ আশ্রয়ে পৌঁছানো এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। এসব বাস্তবতা গণমাধ্যমে আরও বেশি করে তুলে ধরার মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করা সম্ভব।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনসংগ্রাম, অভিজ্ঞতা ও বাস্তব চিত্র নিয়মিতভাবে গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতকরণে গণমাধ্যমের কার্যকর ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় শ্যামনগরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Top