আল আমিন, আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি:
শ্যামনগরে যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে অনুষ্ঠিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বুড়িগোয়ালিনীকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পদ্মপুকুর। রোববার (৯ আগস্ট) বিকেলে ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে চারটি দল অংশ নেয়। ফাইনালে পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনী মুখোমুখি হয়।
ফাইনাল খেলা শুরুর পর থেকেই উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকেরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। নির্ধারিত সময়ের খেলায় পদ্মপুকুর ৫-০ গোলে বুড়িগোয়ালিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ, আটুলিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা মাহবুবুর রহমান, যুব ও ক্রীড়া বিভাগ শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান, টিম সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল ইসলাম, সেক্রেটারী আমিনুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাঈদী হাসান বুলবুল।
বক্তারা বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মেধা ও প্রতিভার বিকাশের পাশাপাশি তাদের মাদক ও নানা ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। খেলা দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।