হুসাইন বিন আফতাব, শ্যামনগর :
কৃষি উন্নয়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্যামনগরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. ওবায়দুর রহমান মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, কৃষিবিদ ড. গৌর গোবিন্দ দাশ এবং কৃষিবিদ মো. মোছাদ্দেক হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবীর, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ ওয়ালিউল ইসলাম।
বক্তারা বলেন, দেশের কৃষিকে আধুনিক, টেকসই ও লাভজনক খাতে পরিণত করতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি সচেতনতা, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তারা আরও বলেন, ফিল্ড স্কুলভিত্তিক প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করছেন। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের কৃষকদের আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি উদ্যোক্তা, গনমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।