হুসাইন বিন আফতাব, শ্যামনগর:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনায় স্থানীয় প্রশাসনের কার্যক্রম ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে উপজেলা সদরের শ্যামনগর ফিলিং স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্ধারিত নিয়ম-কানুন মেনে সুশৃঙ্খলভাবে বিভিন্ন যানবাহনে তেল বিক্রয় করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ট্যাগ অফিসার, বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে এবং ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে সারিবদ্ধভাবে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকে তেল সরবরাহ করা হচ্ছে। পুরো প্রক্রিয়াটি তদারকিতে ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি নিয়মিত মনিটরিং করছেন।
তেল বিক্রয় কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে মোটরসাইকেলের জন্য আলাদা প্রবেশপথে বাঁশের ফেন্সিং করা হয়েছে, যাতে একসঙ্গে একটি মোটরসাইকেলই প্রবেশ করতে পারে। ফুয়েল পাম্প এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে “নো পেপারস, নো ফুয়েল; নো ডিএল, নো ফুয়েল; নো হেলমেট, নো ফুয়েল” নীতি। তবে অন্যান্য যানবাহনের ক্ষেত্রে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর অথবা ড্রাইভিং লাইসেন্সের যেকোন একটি প্রদর্শন করলেই তেল সরবরাহ করা হচ্ছে। মোটরসাইকেল চালকদের জন্য হেলমেট ব্যবহারে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
এ ধরনের সুশৃঙ্খল উদ্যোগে তেল ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, দীর্ঘদিন পর কোনো ভোগান্তি ছাড়াই নিয়মতান্ত্রিকভাবে তেল সংগ্রহ করতে পারছেন। এজন্য তারা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় থাকবে এবং জনভোগান্তি কমে আসবে।