হুসাইন বিন আফতাব, শ্যামনগর :
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমির হিসেবে চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন মাওলানা আবদুর রহমান। সম্প্রতি উপজেলা জামায়াতের সদস্যদের পরোক্ষ ভোটে তিনি পুনর্নির্বাচিত হন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা জামায়াত কার্যালয়ে নবনির্বাচিত সাত উপজেলা আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
মাওলানা আব্দুর রহমান শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মরহুম আলহাজ্ব জাহিদ হোসেনের বড় ছেলে। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরেও ২০২৫–২০২৬ সেশনের জন্য তিনি শ্যামনগর উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হন। এবার পুনরায় নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে উপজেলা শাখার নেতৃত্বে তাঁর দায়িত্ব অব্যাহত থাকছে।
দলীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। অসহায় ও দুস্থ মানুষের সেবায় অংশগ্রহণ, বিভিন্ন সামাজিক উদ্যোগ এবং শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নে কাজ করার সঙ্গে তিনি যুক্ত। স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা রয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনেও জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আবদুর রহমান।
চতুর্থ বারের মতো আমির নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মাওলানা আব্দুর রহমান বলেন, “ইমারতের এই মহান দায়িত্বের যোগ্য আমি নই। তারপরও সংগঠন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি চেষ্টা করব, শ্যামনগরের সাংগঠনিক কার্যক্রমসহ সব পর্যায়ে দল-মত, শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করতে।”
বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা জামায়াত কার্যালয়ে শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত উপজেলা আমিরদের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।