হুসাইন বিন আফতাব, শ্যামনগর:
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, উপকূলবাসীর অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ সুপেয় পানি ও টেকসই বেড়িবাঁধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্যামনগর উপজেলা চত্বরে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে এবং লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (LEDARS)-এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এম এম আমজাদ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা আমির মাওলানা আবদুর রহমান, বিএনপির উপজেলা আহ্বায়ক সোলায়মান কবির ও সাংবাদিক আবু কওছার। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা মোছা. শামিম, সিমা মন্ডল, আবদুর রহিম, আব্দুল্যাহ প্রমুখ।
কর্মসূচিতে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, লবণাক্ততা সহনশীল কৃষি এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।