হুসাইন বিন আফতাব, শ্যামনগর:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ক্লাইমেট অ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় বেসরকারি সংস্থা লিডার্সের শ্যামনগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি এম এম আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ফোরামের সহ-সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি নুরজাহান পারভীন ঝরনা, পর্যবেক্ষক প্রভাষক হুসাইন বিন আফতাব, সাংবাদিক আবু কওছার, লিডার্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাইস প্রোগ্রামের প্রকল্প কর্মকর্তা শামীমা সুলতানা, কেয়ার প্রকল্পের কর্মকর্তা মাসুমা খাতুন এবং রাইস প্রোগ্রামের এফএফ আব্দুর রহিম। এ ছাড়া ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্যরা সভায় অংশ নেন।
সভায় বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশদূষণ, প্লাস্টিকের ক্ষতিকর ব্যবহার ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানোর প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে আলোচনার বিষয় হিসেবে উঠে আসে। পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, উপকূলীয় জনগোষ্ঠীর দুর্ভোগ এবং জলবায়ু ন্যায্যতার দাবি তুলে ধরার গুরুত্বও প্রাসঙ্গিক বিষয় হিসেবে বিবেচিত হয়।