শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কারাবাসের পরিপ্রেক্ষিতে আসনটির সাংবিধানিক ও আইনগত নিষ্পত্তি এবং উপনির্বাচনের দাবিতে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে সচেতন নাগরিক সমাজ। আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর শ্যামনগরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে এ কর্মসূচি পালিত হবে।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মোহা. মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম গত ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার হন। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় দুই মাস ধরে তিনি কারাগারে রয়েছেন। গত ৯ নভেম্বর জাতীয় সংসদেও স্পিকার তাঁর কারাবাসের বিষয়টি অবহিত করেছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক এক নারীর সঙ্গে মগবাজারের একটি হোটেলে অবস্থান এবং ওই নারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলার প্রসঙ্গ তুলে ধরা হয়। বক্তারা বলেন, একজন সংসদ সদস্য দীর্ঘদিন কারাগারে থাকায় শ্যামনগরের মানুষের কার্যকর জনপ্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তাঁরা অভিযোগ করেন, জামায়াতে ইসলামী বহিষ্কারের ঘোষণা দিলেও আসনটির ভবিষ্যৎ নিয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলটির রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে শ্যামনগরের মানুষ জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন বলেও তাঁরা দাবি করেন।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্যের আসনসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের মাধ্যমে নতুন প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ শ্যামনগরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার জন্য কার্যকর জনপ্রতিনিধিত্ব প্রয়োজন।
তাঁরা আরও জানান, তিন দিনের গণস্বাক্ষর কর্মসূচি শেষে সংগৃহীত স্বাক্ষরসহ স্মারকলিপি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রতি গণস্বাক্ষর কর্মসূচি প্রচার এবং শ্যামনগরের মানুষের দাবি জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান জানানো হয়।