নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর
মঙ্গলবার (২৮ এপ্রিল) শ্যামনগর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বা ‘জলবায়ু-সহনশীল কৃষি’ বিষয়ক দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় কৃষিকে আধুনিক ও টেকসই করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
প্রশিক্ষণে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে কর্মরত কৃষি অধিদপ্তরের ১৮ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের ৪ জন মাঠ সহকারী এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ৩ জন ভেটেরিনারি মাঠ সহকারী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু-সহনশীল কৃষি সম্পর্কিত জ্ঞান, আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন, যা তারা মাঠপর্যায়ে কৃষকদের মাঝে প্রয়োগ করতে পারবেন।
উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে কৃষকদের জীবনমান উন্নয়নে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রশিক্ষণে প্রতিকূল পরিবেশে টেকসই চাষাবাদ, লবণাক্ততা সহিষ্ণু ফসলের চাষ, জৈব সার উৎপাদন, আধুনিক পশুপালন ও দুগ্ধ উৎপাদন এবং উন্নত মৎস্য চাষ পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়ালিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। এছাড়াও বক্তব্য রাখেন ডা. সুব্রত কুমার বিশ্বাস ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন মন্ডল।
প্রশিক্ষকগণ বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে শ্যামনগরের কৃষি ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রথাগত পদ্ধতি থেকে বেরিয়ে এসে আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তির দিকে অগ্রসর হওয়া এখন সময়ের দাবি। এই প্রশিক্ষণ মাঠপর্যায়ে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”
অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের ফলে তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে আধুনিক কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য চাষের বিষয়ে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ দিতে পারবেন, যা এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মোঃ ফজলুর রহমান আশা প্রকাশ করেন, ‘কল’ প্রকল্পের সহায়তায় শ্যামনগর উপজেলা রিসোর্স পুলের এ উদ্যোগ স্থানীয় কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন (SDC)-এর অর্থায়নে প্রশিক্ষণটির আয়োজন করে শ্যামনগর উপজেলা রিসোর্স পুল। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে গেইন (GAIN) ও লিডার্স (LEDARS)।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved