আবু সুফিয়ান, উপকূলীয় অঞ্চল প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামে আমন মৌসুমে ধান কর্তন ও উচ্চ ফলনশীল শাক-সবজি উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) Climate Action at Local Level (CALL) প্রকল্পের আওতায় Global Alliance for Improved Nutrition (GAIN)-এর অর্থায়নে এবং Local Environment Development and Agricultural Research Society (LEDARS)-এর বাস্তবায়নে এ কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কুঁড়ি জলবায়ু সহনশীল দলের সভাপতি সুজিত কুমার মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নিপা চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন LEDARS CALL প্রকল্পের শ্যামনগর শাখা অফিসের প্রকল্প কর্মকর্তা সুব্রত কুমার গাইন, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড কমিউনিকেশন অফিসার নেলসন সুমন মন্ডল এবং প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ কানিজুর রহমান, মোছাঃ সালমা খাতুন ও অনুপ কুমার মন্ডল।
মাঠ দিবসে আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের ধান চাষ এবং বসতবাড়ি ও কৃষিজমিতে উচ্চ ফলনশীল শাক-সবজি উৎপাদনের সম্ভাবনা তুলে ধরা হয়। প্রদর্শনীতে ব্রি ধান-১১২, ব্রি ধান-১০৩ ও বিনা ধান-২৩ জাতের ধানের পাশাপাশি লালশাক, পুঁইশাক, কলমিশাক, মিষ্টিকুমড়া, লাউ, শসা, বরবটি, ওল, কচু, কদবেল, লেবু, পেয়ারা ও মরিচসহ বিভিন্ন ধরনের ফসল ও সবজি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে কৃষক-কৃষাণীরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন। ব্রি ধান-১১২ চাষের অভিজ্ঞতা তুলে ধরেন কৃষক বাবু সঞ্জয় মন্ডল এবং ব্রি ধান-১০৩ চাষের অভিজ্ঞতা বিনিময় করেন কৃষক সব্বেশ্বর মন্ডল। তাঁরা নিজ নিজ জমিতে ধানের ফলন, চাষাবাদের অভিজ্ঞতা এবং উন্নত জাতের ধান চাষের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুম বিল্লাহ উন্নত জাতের ধান ও শাক-সবজি চাষে কৃষকদের উৎসাহিত করেন। তিনি কৃষকদের স্থানীয় মাটি, পানি ও আবহাওয়ার উপযোগী ফসল নির্বাচন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি বিভাগের পরামর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও কৃষিতে বিদ্যমান বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলায় কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি গ্রহণ করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে ধান চাষের পাশাপাশি বাড়ির আঙিনা ও পতিত জমিতে বিভিন্ন ধরনের পুষ্টিকর শাক-সবজি উৎপাদনের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং কৃষকের বাড়তি আয় নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন LEDARS-এর CALL প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর অনুপ কুমার মন্ডল। কৃষক মাঠ দিবসে প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন এবং প্রদর্শিত বিভিন্ন ফসল ও কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
এ ধরনের কৃষক মাঠ দিবস কৃষকদের মধ্যে আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও জলবায়ু সহনশীল কৃষি চর্চার প্রসার ঘটানোর পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved